ইরানের নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র


ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। তেহরানের দাবি, আন্তর্জাতিক সুরক্ষার আওতাভুক্ত একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
শনিবার দিবাগত রাতের পর রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এ তথ্য জানায়। তবে হামলায় বিদ্যুৎকেন্দ্রটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার দাবি সামনে এলো। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযান এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বাহিনী ব্যবহৃত ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই দেশের সংঘাত আরও তীব্র হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতি এবং একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে সেই উদ্যোগের পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

















