উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৪০০ ঘরবাড়ি

fec-image

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০০ ঘরবাড়ি পুড়ে গেছে।  ফায়ার সার্ভিসের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নেভানোর কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘর ও শেডে ছড়িয়ে পড়ে।

রোহিঙ্গা নেতা নুর মোহাম্মদ বলেন, আগুনে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। তারা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায়। এর আগে, ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে অন্তত ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

উৎস : বাংলাদেশ প্রতিদিন (২০ জানুয়ারি)

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, উখিয়া, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন