ক্ষমতায় গেলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা হবে : ওয়াদুদ ভূইয়া


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করা হবে। বিভিন্ন প্রকল্পের ব্যাবস্থা করা হবে,যাতে পারিবারিক ভাবে আয় উপার্জন করতে পারে। ধর্মীয় ও সামাজিক উন্নয়নে কাজ করা হবে। মন্দির, মসজিদ, কিয়াং, রাস্তা ঘাট, স্কুল কলেজের উন্নয়নে কাজ করা হবে। ত্রিপুরা সম্প্রাদায় সহ সকলের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি মাটিরাঙ্গা সদর ইউনিয়ন চৌধুরী ঘাট এলাকায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ নির্মাণ প্ল্যানের বিষয়টি উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রদান এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হবে। একই সাথে পরিবারে কৃষি, ফ্যামেলি ও হেল্থ কার্ড প্রদান করা হবে।
পরে মাটিরাঙ্গা পৌর সভার নবীনগর, পলাশপুর মোড়, চৌধুরীপাড়া, বাবুপাড়া ও মুসলিপাড়ায় এলাকা সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক জয়নাল আবদিন সরকার সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

















