চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড়

fec-image

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ এখন ভাইরাল অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তাইতো পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে মহিষটি। গোলাপি রঙের বিরল মহিষের কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এর চেহারার মিল খুঁজে মেতে উঠেছেন নানা আলোচনায়।

শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, জাতীয় চিড়িয়াখানার বৃহৎ প্রাণী শাখার সামনে দর্শনার্থীদের দীর্ঘ ভিড়। দর্শনার্থীদের ভিড়ে মহিষটিকে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । মাঝে মধ্যে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে বিশ্রামও নিচ্ছিল সে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সাধারণত ঈদের দিনে দর্শনার্থীর চাপ তুলনামূলক কম থাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদের দিন থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে, যা দ্বিতীয় দিনে আরও বেড়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে জন্ম নেয়া এই মহিষটির মাথার ঢেউ খেলানো সোনালি চুল ও গোলাপি আভাযুক্ত শরীরের কারণে প্রথমে স্থানীয়ভাবে পরিচিতি পায়। পরে খামার মালিকের পরিবারের সদস্যরা মজার ছলে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় প্রাণীটি। দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও স্থান পায় এর খবর। প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে শুরু করেন খামারটিতে। ঈদকে সামনে রেখে মহিষটি বিক্রি করা হলেও শেষ পর্যন্ত কোরবানি হয়নি। বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে সরকার ঈদের আগেই এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডোনাল্ড ট্রাম্প, মহিষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন