টেকনাফে ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারী আটক

fec-image

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করেছে।

১ জুলাই (বুধবার) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক কারবারির নাম জাগীর হোসেন (২৮)। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ার (৯ নম্বর ওয়ার্ড) আব্দুল হকের ছেলে।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী পার হয়ে শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে বিশেষ আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে শাহপরীরদ্বীপ বিওপির প্রযুক্তিগত পর্যবেক্ষণে নাফ নদীর মিয়ানমার প্রান্তে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি দেখা যায়। এর কিছুক্ষণ পর চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি বস্তাসহ সাঁতরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে বিজিবি নৌটহল দল দ্রুত তাকে বস্তাসহ আটক করে। পরে বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি’র রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং নিয়মিত স্থল ও নৌটহল অব্যাহত থাকবে।

আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন