টেকনাফে ৪৪ বোতল মদসহ আটক ১

fec-image

কক্সবাজারের শীলখালীতে যাত্রীবাহী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৪ বোতল বিদেশী মদসহ মো. মোস্তফা (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

সোমবার (৪ মে) দুপুরে শীলখালী চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মোস্তফা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশির জন্য গাড়িটি থামান। এ সময় গাড়ির পেছনের সিটে বসা যাত্রী মো. মোস্তফার আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে ও তার মালামাল গভীরভাবে তল্লাশি করেন। তল্লাশিকালে তার সঙ্গে থাকা ব্যক্তিগত ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪৪ বোতল বিদেশী মদ এবং পাচারকাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি অধিক মুনাফার উদ্দেশ্যে এসব মদ কক্সবাজার থেকে সংগ্রহ করে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে বিজিবি সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান দমনে সফলভাবে কাজ করে আসছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন