তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন


ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারেক রহমান।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, আমরা যতটুকু জেনেছি, তিনি (তারেক রহমান) অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন।
‘এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারো সঙ্গে মিলছে কি না। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।’
বগুড়া তারেক রহমানের জন্মস্থান হলেও ভোটার হওয়ার বিষয়ে চলছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত তিনি মা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হন।

















