নজরুল জন্মজয়ন্তীতে ২৫ মে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

fec-image

আগামী ২৫ মে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজরিত ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ময়মনসিংহ-৭ আসনের এমপি মাহবুবুর রহমান সংসদ অধিবেশনের বক্তব্যে এ তথ্য জানান।

৯ এপ্রিল বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন এমপি মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, ”মাননীয় স্পিকার, আমার ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত একটি উপজেলা। বাংলাদেশের সকলেই এক নামে চেনে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে তিন তিন বার তিনি জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন। ফলশ্রুতিতে আমরা সেখানে একটি বিশ্ববিদ্যালয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ করতে পেরেছিলাম। এবারও ইনশাআল্লাহ আগামী ২৫শে মে ১১ই জ্যৈষ্ঠ  আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নজরুল জন্মজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।”

তিনি আরো বলেন, ”সমগ্র ত্রিশালবাসীসহ বৃহত্তর ময়মনসিংহবাসী আজকে আনন্দে উদ্বেলিত মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য।”

উল্লেখ্য, প্রতি বছর ২৫ মে সরকারি ও বেসরকারিভাবে নজরুলের জন্মজয়ন্তী উদযাপিত হয়। ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। ১৮৯৯ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত নজরুল তাঁর কবিতা, গান, উপন্যাস ও শোষণের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেন।

ময়মনসিংহের ত্রিশালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশরের স্মৃতি বিজড়িত, যেখানে ১৯১৪-১৯১৫ সালে তিনি দারোগা রফিজউল্লাহর বাড়িতে থেকে দরিরামপুর স্কুলে পড়াশোনা করেন। স্মৃতি হিসেবে এখানে নজরুল স্মৃতিকেন্দ্র, ব্যবহৃত খাট, বটগাছ, নজরুল একাডেমি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। নজরুল যে দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করতেন, তা এখন “ত্রিশাল সরকারি নজরুল একাডেমি” নামে পরিচিত। ১৯৬৫ সাল থেকে নজরুল একাডেমি প্রাঙ্গণে প্রতি বছর জাঁকজমকপূর্ণ নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়। ত্রিশালের নামাপাড়ায় শুকনি বিলের কাছে কবিকে স্মরণে প্রতিষ্ঠা করা হয় “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়”।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে একনেকের বৈঠকে একটি প্রকল্প অনুমোদিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের পহেলা মার্চ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৭ সালের ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বেগম খালেদা জিয়া দুটি অনুষদের কার্যক্রম উদ্বোধন করেন এবং ৩ জুন ২০০৭ সালে প্রথম ব্যচের ক্লাস শুরু হয়। অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান ছিলেন প্রথম উপাচার্য। –উইকিপিডিয়া

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন