পেকুয়ায় ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে কারাদণ্ড


কক্সবাজারের পেকুয়ায় ইভটিজিং এবং গণউপদ্রবের দায়ে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকুল এলাকার আবু তাহেরের পুত্র আমজাদ হোসেন (২২)’কে ১ মাস ও একই এলাকার আবুল হোছেনের পুত্র মোহাম্মদ ইলিয়াস (৩২)’কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিত আসামিদের বিরুদ্ধে ইভটিজিং ও গণউপদ্রবের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেয়া হয় বলে আদালত সূত্র জানায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, স্কুল কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও গণউপদ্রব রুখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

















