অভিনেত্রী চমকের বৈচিত্র্যময় নতুন জার্নি


সময়ের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের নামের সাথে কাজের বেশ মিল রয়েছে এই অভিনেত্রীর। ক্যারিয়ারে একের পর এক চমক যেন অবাক করে দেওয়ার মত। তবুও থেমে নেই ছোট পর্দায় জনপ্রিয় এই অভিনেত্রী।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যেসকল তারকারা ছিলেন জনগণের পক্ষে, দেশের পক্ষে। যারা কথা বলেছেন ফ্যাসিস্টটের নির্মমতার বিরুদ্ধে তাদের মধ্যে অন্যতম চমক। চরম উত্তাল সেই দিনগুলোতে যারা ছাত্র-জনতার এমন অকুতোভয় সংগ্রামের সঙ্গে গেয়েছেন সাম্যের গান সেখানেও ছিল চমকের নাম।
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপি এবার এই আসনগুলোতে রাখতে পারে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারী এবং জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত কন্ঠস্বর তা নানা সমীকরনে অনুমেয়। তাইতো ইতোমধ্যে অনেককেই দেখা গেছে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করতে। অবশেষে এবার সেখানেও চমক দেখালেন চমক। সম্প্রতি দেখা করলেন খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে। সারলেন গুরুত্বপূর্ণ আলাপ।
অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ জানা যায় তিনি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে চান এবং সেই লক্ষ্যেই দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। এসময় দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অভিনেত্রী।
চমকের ভাষ্য, ” আমার মোবাইল নাম্বার রাখা হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে আমি বিএনপিকে সার্ভ করতে চাই কিনা? আমি বলেছি হ্যাঁ চাই, তবে সবার আগে আমি দেশকে সার্ভ করতে চাই। বিএনপি যদি আমাকে সেই প্লাটফর্মটা দেয় তবে নিশ্চয়ই আমি বিএনপিকে সার্ভ করতে চাই।”
এসময় নিজের মনোনয়ন নিয়েন বেশ আশাবাদী দেখা যায় চমককে।
অভিনেত্রী চমক থেকে রাজনীতিবিদ চমক কি করবেন জনগণের জন্য— এমন প্রশ্নে অভিনেত্রী জানান তিনি এমন একটি আসন নিয়ে কাজ করতে চান (কুষ্টিয়া) যা বাংলাদেশের কালচারাল হাব। এখানের লালন মেলা তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান। চমক বলেন, “আমি বিশ্বব্যাপী লালনমেলাটা এমনভাবে ছড়িয়ে দিতে চাই যেন মানুষ অপেক্ষায় থাকে কবে লালনমেলা হবে।”
যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই অদ্যবধি প্রকাশ্যে আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিঘ্রই বিস্তারিত জানাবো। পাশে থেকো, দোয়ায় রেখো।”
এবার দেখার বিষয় বিএনপি এই নতুন মুখগুলোকে কতটা মূল্যায়ন করতে পারে। কতটা নতুনত্ব আর বৈচিত্র্যময় হয় আসন্ন নির্বাচন তা এখন সময়ের অপেক্ষা।
















