বন্যা-পরবর্তী পুনর্বাসনের কাজকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনের কাজকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকারের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা। এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
তিনি বলেন, আমি প্রতিদিন দুর্যোগপূর্ণ এলাকায় যাচ্ছি। তাদের সমস্যার কথাগুলো শুনছি ও ত্রাণ বিতরণ করছি। কোনো ক্ষতিগ্রস্ত লোক সরকারি সহায়তা থেকে বাদ যাবেন না।
তিনি রবিবার (১৯ জুলাই) বিকেলে কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে কাউখালী উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দীপেন দেওয়ান আরও বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাঙামাটি তথা পার্বত্য চট্টগ্রামের এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান, বাংলাদেশের ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণিসহ সব পেশার মানুষ সমান উন্নয়ন ও সমান অধিকার ভোগ করবে। তিনি উল্লেখ করেন, রাঙামাটি পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে ৩৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক অনুদান প্রদান করা হবে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান, বাংলাদেশের ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণিসহ সব পেশার মানুষ সমান উন্নয়ন ও সমান অধিকার ভোগ করবে। সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ অব্যাহত রেখেছে। তিনি এবারের প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সব সদস্যকে ধন্যবাদ জানান।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন ও কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। এ সময় অন্যান্যদের মধ্যে রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, কাউখালী থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান কাউখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

















