প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে মৌসুমী
বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা মৌসুমী। তাও আবার নিজেরই চরিত্রে। অর্থ্যাৎ নাটকে নায়িকা মৌসুমীকেই খুঁজে পাবে দর্শক।চ্যানেল আইয়ের ‘শুন্য জীবন’-এ দেখা যাবে তাকে। কনা রেজার গল্প অবলম্বনে ‘শূন্য জীবন’ শিরোনামের এই ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেই অভিনয় করেছি। তবে এবারই প্রথম কোনো ধারাবাহিকে চিত্রনায়িকা মৌসুমী হিসেবে অভিনয় করেছি। বিষয়টা আমার কাছে আনন্দের।’
তিনি আরো বলেন, ‘নাটকটিতে দর্শক আমাকে নায়িকা মৌসুমী হিসেবেই দেখতে পাবে। কারণ আমার চরিত্রটি নায়িকা মৌসুমীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।’
‘শুন্য জীবন’ নাটকে নিয়মিত অভিনয় করছেন রওনক হাসান, হিল্লোল, প্রাণ রায়, সাজু খাদেম, নওশাবা, স্বাগতা, মৌসুমী নাগ, অর্ষা, আলভী, ড. ইনামূল হক, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য প্রমুখ। এ ছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হচ্ছে ‘শুন্য জীবন’।


















