বিসিবির ‘হারানো’ সুনাম পুনরুদ্ধার করা এডহক কমিটির প্রধান লক্ষ্য : তামিম ইকবাল

fec-image

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এডহক কমিটির সভাপতি হয়ে নিজেদের প্রথম সভায় তামিম ইকবাল প্রতিশ্রুতি দিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাল ধরে বিসিবির ‘হারানো’ সুনাম পুনরুদ্ধার করা তাদের কমিটির প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার কয়েক ঘণ্টার মধ্যেই সভাপতির চেয়ারে বসে এই প্রতিশ্রুতি দেন দেশ সাবেক এই ক্রিকেটার।

দায়িত্ব গ্রহণের পর ১১ সদস্যের কমিটির সঙ্গে প্রথম বোর্ড সভায় বসেন তামিম ইকবাল। সভায় সর্বসম্মতিক্রমে আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তামিমকে মনোনীত করা হয় এবং বোর্ডের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় তানজিল চৌধুরীকে। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম নিজের কর্মপরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।

ক্রিকেটের উন্নয়ন নিয়ে প্রচলিত আলোচনার বাইরে গিয়ে তামিম বলেন, ‘আমাদের দল মনে করছে, আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ও সুনাম ফিরিয়ে আনা। গত দেড় বছরে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করাই এখন বড় অগ্রাধিকার।’ তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে দ্রুততম সময়ে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। তামিম আশ্বস্ত করেন যে, এই প্রক্রিয়া অত্যন্ত সততার সঙ্গে সম্পন্ন করা হবে।

অ্যাডহক কমিটির সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তামিম স্পষ্ট করেন যে, বর্তমান কমিটির যে কেউ চাইলে পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি নিজেও নির্বাচনে লড়বেন বলে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে ক্রিকেটার ও সংগঠকসহ সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, তামিম ইকবাল, বোর্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন