মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


“প্রাণের জাগরণ তুমি আলোর দিশারী, উর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সদর উপজেলা ভাইবোনছড়া ইউনিয়নস্থ অত্র বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মিলেনিয়াম ভাইবোন ছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।
এদিন অনুষ্ঠানের সূচনায় অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় সহকারী শিক্ষক ইয়াছিন মিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন পরিশ্রম করার সময়। সময়কে কাজে লাগাতে হবে। সময় মতো পড়ালেখায় মনোযোগী হতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরামর্শ ও উপদেশমূলক কথা বলেন এবং অত্র বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকট দূরীকরণসহ ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলোৎপল খীসা,জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) এস. এম. মোসলেম উদ্দিন, ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান চৌধুরী, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি কান্তি চাকমা, পেরাছড়া ইউনিয়নের প্রধান শিক্ষক বিম্ভিষার খীসা, ভাইবোনছড়া কলেজের সভাপতি মংশি মারমা প্রমুখ।

















