রমজানে বাজার নিয়ন্ত্রণে টেকনাফে প্রশাসনের বিশেষ অভিযান


পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে বিশেষ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমামুল হাফিজ নাদিম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।
এ সময় বাজার মনিটরিং টিমে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এবং হ্নীলা বাজার ইজারাদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা।
বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে হ্নীলা বাজারের চাল, ডাল, তেল, চিনি ও সবজিসহ নিত্যপণ্যের দোকানগুলোতে গিয়ে পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয়। অসাধু উপায়ে পণ্য মজুত কিংবা কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় ভোক্তাদের অধিকার রক্ষায় এবং রমজানে বাজার সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং সিন্ডিকেট দমনে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হবে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাজারে অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

















