রামুতে পরকিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর প্রেমিক খুন


রামুতে পরকিয়ায় স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছে স্ত্রীর প্রেমিক। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় রামুর বাইপাস সংলগ্ন খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।
স্ত্রী রোজিনার সাথে হারুন অর রশিদের পরকিয়া সইতে না পেরে স্বামী ইব্রাহিম তার স্ত্রীর প্রেমিক হারুন অর রশিদকে হত্যা করে বলে জানা গেছে।
নিহত হারুন অর রশিদ (৩৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের মমতাজুল হকের ছেলে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ছুরিকাঘাতকারি ইব্রাহীমকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক ইব্রাহীম (৩৮) কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর লরাবাঘ এলাকার নুরুল ইসলামের ছেলে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত হারুন রশিদ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তবে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া ছুরিকাঘাতকারি ইব্রাহীমকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইব্রাহীম কয়েক বছর পূর্বে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দংদিঘীর পাড় এলাকার মৃত আমির হোছনের মেয়ে রোজিনা আকতারকে বিয়ে করেন।
সম্প্রতি রোজিনা আকতার সাতকানিয়ার বাসিন্দা হারুন অর রশিদের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। সন্ধায় হারুন অর রশিদকে সাথে নিয়ে রোজিনা আকতার রামুতে পৈত্রিক বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রামুর বাইপাস হয়ে চৌমুহনী যাওয়ার সময় রোজিনার স্বামী ইব্রাহীম তাদের গতিরোধ করে এবং আকষ্মিকভাবে হারুন অর রশিদকে ছুরিকাঘাত করে।
ঘটনার পর ইব্রাহীম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে ধাওয়া করে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

















