‘সমবায়ের মাধ্যমে আয়বৈষম্য হ্রাস করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব’

fec-image

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা. এমপি বলেছেন, ‘সমবায়ের মাধ্যমে আয়বৈষম্য হ্রাস করে ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সমবায় পদ্ধতি পারস্পরিক সহযোগিতা, সমবেত প্রচেষ্টা, মূল্যবোধের চর্চা এবং সম্মিলিতভাবে টিকে থাকার নীতিতে বিশ্বাস করে।’

শনিবার (৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলা পরিষদ, জেলা সমবায় বিভাগ’র আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আমাদের সমাজের সার্থকতা হবে তখন, যখন আমরা নিজেদের মধ্যে বৈষম্য দূর করতে পারবে। এজন্যই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। সমমনা থাকতে হবে। সুখী সমৃদ্ধ জীবন-যাপনের জন্য একতা বা সমবায় কোন বিকল্প নেই। একতার কোন বিকল্প নাই।মানুষের কল্যাণের জন্য সমবায়ের কোন বিকল্প নাই।’

এছাড়াও বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, সক্রিয় এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সমবায় দিবস উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শাপলা চত্বর হয়ে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।

পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

আলোচনা সভায় জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. বেলাল হোসাইন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাশ এবং নারী উদ্যোক্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন নিপু মাশরুম ঘরের স্বত্বাধিকারী নিপু ত্রিপুরা।

আলোচনা সভার শেষে সফল সমবায় সমিতি হিসেবে নির্বাচিত ১৫টি সংগঠনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন