রোহিঙ্গা সন্ত্রাসী হালিম গ্রুপের প্রধান দুর্বৃত্তদের গুলিতে নিহত, আহত দুই


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা আরসার সন্ত্রাসীদের গুলিতে হালিম গ্রুপের প্রধান কেফায়েত উল্লাহ হালিম নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৭ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত হালিম গ্রুপের প্রধান কেফায়েত উল্লাহ হালিম ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কেফায়েত উল্লাহ হালিম ক্যাম্প-৭ এর ব্লক-এফ/২ এর বাদশা মিয়ার ছেলে।
ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও দুইজন। তারা হলেন- এ/৪ ব্লকের তোফায়েল আহম্মেদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ও জি ব্লকের নুর মোহাম্মদ। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে নিজ নিজ শেডে ফিরছিলেন। পথে ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট ও ক্যাম্প-৭ এর মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত আরসার সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ রোহিঙ্গারা দিকবিদিক ছুটতে শুরু করে।
ঘটনার পরপরই নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন। তিনি বলেন, হামলায় জড়িত অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে এপিবিএন।
উল্লেখ্য, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে (বিশেষ করে ক্যাম্প-২, ৭ ও ৮ ইস্ট) সক্রিয় কেফায়েত উল্লাহ ওরফে হালিমের নেতৃত্বাধীন একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হলো ‘হালিম গ্রুপ’। এই গ্রুপটি রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, ইয়াবা কারবার এবং সাধারণ রোহিঙ্গাদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল।
ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা
Facebook Comment

















