কক্সবাজারের উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের গোড়ালি বিচ্ছিন্ন


কক্সবাজারের উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামের এক রোহিঙ্গা কিশোরের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত আব্দুল হাকিম উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ‘এ’ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
রবিবার (২৯ মার্চ) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নাফ নদ থেকে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত কিশোরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

















