সুয়ালক ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে চেয়ারম্যান রাংলাই ম্রো
স্টাফ রিপোর্টার:
চেয়ারম্যান-সচিব দ্বন্দের কারণে বান্দরবানের ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যান ও আওযামী লীগের নেতা রাংলাই ম্রো‘র নির্দেশে ইউপি অফিস সহায়ক আব্দুল কাদের মঙ্গলবার বিকেলে তালা ঝুলিয়ে দেন। বুধবার সকাল থেকে অফিসে তালা লাগানো থাকায় ইউনিয়ন পরিষদের সকল সেবামুলক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দুর দুরান্ত থেকে সেবা নিতে আসা অনেক নারী-পুরুষ সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
৪নং মহিলা ইউপি মহিলা সদস্য ম্যা সা থুই মারমা জানান, সকালে এসে দেখেন অফিসে তালা মারা। কেন তালা মেরেছেন তা তিনি জানেন না। তবে ইউনিয়নের লোকজন কষ্ট পাচ্ছে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেন।
অপর ইউপি মহিলা সদস্য রিনা আক্তার জানান, ওয়ার্ডের কয়েকজন লোককে সাথে নিয়ে বয়স্ক ভাতা, জন্ম নিবন্ধনসহ ইউপি সার্টিফিকেট নেয়ার জন্য অফিসে আসেন। অফিসে আসার পর থেকে তালাবদ্ধ পেয়েছেন। একটি সেবামুলক প্রতিষ্ঠানে একজন চেয়ারম্যান কি করে তালা মেরে রাখেন তা তাদের বোধগম্য নয় বলে ক্ষোপ প্রকাশ করেন তিনি।
২ নং ওয়ার্ডের সদস্য মো. জসিম উদ্দিন বলেন, চেয়ারম্যান অনিয়মিত অফিস করেন। তাই আগে থেকে তার বিরুদ্ধে মানুষ ফুসে উঠেছে। আজ তারই প্রমাণ দিলেন অফিসে তালা মেরে। এ বিষয়টির যথাযথ তদন্ত পূর্বক চেয়ারম্যানের শাস্তির দাবি জানান তিনি।
ফারুক পাড়ার সিম আং বম ও কাইচতলীর আমেনা বেগমসহ আরো অনেকে জানান, অনেক দুর থেকে তারা কষ্ট ও টাকা খরচ করে জন্ম নিবন্ধন সনদের জন্য সুয়ালক ইউপি অফিসে এসেছেন। কিন্তু অফিস বন্ধ থাকায় তারা সনদ নিয়ে যেতে পারছেন না। এ পর্যন্ত ৩ দিন তারা অফিসে এসেছেন। আগে ২ দিন এসে চেয়ারম্যানকে পায়নি এবার অফিসই বন্ধ। সার্টিফিকেট না পেলে তাদের অপুরনীয় ক্ষতি হবে বলে জানান।
অফিস সহায়ক মো. আব্দুল কাদের জানান, চেয়ারম্যানের নির্দেশে মঙ্গলবার বিকেলে অফিসে তালা দেয়া হয়েছে। চাবি সচিব ও মেম্বারসহ কাউকে না দেয়ার নির্দেশও দেয়া হয়।
এদিকে সংশ্লিষ্ট ইউপি সচিব মিলন চক্রবর্তী জানান, চেয়ারম্যান তার নামে মিথ্যা অভিযোগ তুলে পরিষদের সুনাম নষ্ট করছেন। মুলত চেয়ারম্যান রাংলাই ম্রো নিজেই একজন দুর্নীতি পরয়ন ব্যক্তি। টোল ট্যোক্সের ৫ লাখ টাকা জুনের মধ্যে ব্যাংকে জমা দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জমা দেননি। এ ছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়ম রয়েছে বলে সচিব সাংবাদিকদের জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রোর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনের নির্দেশে তিনি অফিসে তালা লাগিয়েছেন। এ সময় সচিব এবং কযেকজন মেম্বারের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ তোলেন তিনি।


















