হরতালে রাঙামাটিতে সরকার সমর্থকদের হামলায় আহত এক
আলমগীর মানিক, রাঙামাটি:
সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকে টানা ৪৮ ঘন্টা হরতালের প্রথমদিন রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিংয়ে অংশ নিয়েছে হরতাল সমর্থক জামায়াত শিবিরের নেতাকর্মীরা। হরতালের কারনে রাঙামাটি জেলার অভ্যন্তরে ও দুর-পাল্লায় কোনো প্রকার যানবাহন চলাচল করেনি। শহরের স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি তেমন একটা ছিলনা।
এছাড়া মঙ্গলবারের হরতালে বেলা একটার সময় শহরের ভেদভেদী এলাকায় পিকেটিংরত অবস্থায় হরতাল সমর্থক মোঃ কামরুল ইসলাম (২০) নামে একজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সরকারদলীয় কয়েকজন যুবক। পরে এলাকাবাসি ও পুলিশ এসে হরতাল সমর্থক পিকেটারকে তাদের হাত থেকে উদ্ধার করে অন্যত্র নিয়ে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।
এছাড়া বিকেল সোয়া পাচঁটায় রাঙামাটি কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত অফিসার জানান, মঙ্গলবারের হরতালে কোনো ধরনের আটকের ঘটনা ঘটেনি।
এদিকে রাঙামাটি পৌর জামায়াতের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করা অবস্থায় আমাদের একজন কর্মীকে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর আহত করা কোনো অবস্থাতেই গনতান্ত্রিক আচরণ নয়। আমরা রাজনৈতিক ময়দানে সহাবস্থানে বিশ্বাস করি, সংঘাতে নয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পৌর নেতৃবৃন্দ সবাইকে এসব ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।



















