হাদি হত্যাকারীদের মেঘালয়ে প্রবেশের দাবি প্রত্যাখ্যান ভারতের

fec-image

মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বাংলাদেশ পুলিশের দেওয়া একটি তথ্য স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ পুলিশ দাবি করেছিল, ওসমান হাদি হত্যাকাণ্ডের দু’জন আসামি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশ করেছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবির কোনো ভিত্তি নেই।

এর আগে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে প্রবেশ করেছে। তাদেরকে সেখানে ‘পূর্তি’ নামের এক ব্যক্তি গ্রহণ করে এবং ‘সামি’ নামের এক ট্যাক্সিচালক তুরা শহরে নিয়ে যায়।

মেঘালয় পুলিশ প্রধান ইদাশিশা নংরাং বলেছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। অন্যদিকে, বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ার প্রধান ওপি উপাধ্যায় এই দাবিকে ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট’ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, হালুয়াঘাট সেক্টর দিয়ে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি এবং বিএসএফের নজরদারিতে এমন কোনো ঘটনা ধরা পড়েনি।

মেঘালয় পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পূর্তি’ বা ‘সামি’ নামে কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের মতে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই এই তথ্য প্রচার করা হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগও করা হয়নি বলে জানায় মেঘালয় পুলিশ।

এই অভিযোগ প্রত্যাখ্যান করলেও, সীমান্ত এলাকায় মেঘালয় পুলিশ ও বিএসএফ নজরদারি বাড়িয়েছে। তবে পুলিশ সদর দফতর স্পষ্ট করেছে, এটি একটি নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপ, মিথ্যা দাবির সত্যতা যাচাইয়ের জন্য নয়।

উভয় ভারতীয় সংস্থাই জানিয়েছে, তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত। তবে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই কেবল কোনো ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উৎস : দেশ রূপান্তর

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওসমান হাদি, ভারত, মেঘালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন