আমি ভীষণ আনন্দিত : নেইমার

fec-image

চোট কাটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বিশ্বকাপের প্রস্তুতিতে পুরো দলের সঙ্গে প্রথমবারের মতো সেশন সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সেলেসাও স্ট্রাইকার।

ডান পায়ের কাফ ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে এবার ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড, যা ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়েছে।

অনুশীলনে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে নেইমার লেখেন, ‘ধন্যবাদ, ঈশ্বর। আমি ভীষণ আনন্দিত!!’

আগামী বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচেই নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

নেইমারের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন সতীর্থ মিডফিল্ডার লুকাস পাকেতা। তিনি বলেন, ‘নেইমারকে দলে ফিরে পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। জাতীয় দলের হয়ে তার দারুণ ইতিহাস রয়েছে এবং সে এখনও আমাদের অনেক সাহায্য করতে পারে।’

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৯ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার, যা তাকে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এবার খেলছেন নিজের চতুর্থ বিশ্বকাপ।

গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খেলেও পরের ম্যাচে হাইতিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে তাদের নকআউট পর্বের টিকিট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন