ইসরায়েল-লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা, সতর্ক নেতানিয়াহু সরকার

fec-image

ইসরায়েল-লেবানন সীমান্তের উত্তেজনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে বলে সতর্ক করেছে ইসরায়েল। সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোলাগুলির মাত্রা বাড়িয়েছে। রবিবার (১৬ জুন) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘হিজবুল্লাহর ক্রমবর্ধমান আগ্রাসন আমাদেরকে আরও বৃহত্তর সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এটি লেবানন ও সমগ্র অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’

এই সীমান্তে গত সপ্তাহে বৃহত্তম রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত গুলি বিনিময় করছে গোষ্ঠীটি।

গত সপ্তাহের হামলার পর রবিবার হিজবুল্লাহ গোলাগুলির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বলে মনে করা হচ্ছে। ওইদিন দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির ওপর বেশ কয়েকটি বিমান হামলা চালানোর কথা জানিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী।

একটি আলোচনার মাধ্যমে লেবাননের দক্ষিণ সীমান্ত বরাবর উভয়পক্ষের মধ্যকার শত্রুতা শেষ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এ নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে তারা। তবে হিজবুল্লাহ সাফ জানিয়েছে, গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত এই সীমান্তে গোলাগুলি চলবে।

হাগারি বলেছিলেন, ‘লেবাননের সঙ্গে আমাদের সীমান্তে নিরাপত্তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বেসামরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসরায়েল।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসরায়েল, লেবানন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন