ঈদগাঁওয়ে আলোচিত আওয়ামী লীগ নেতা সেনাবাহিনীর হাতে গ্রেফতার


কক্সবাজারের ঈদগাঁওয়ের বহুল আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী অবশেষে সেনাবাহিনী হাতে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে নিজ ঘর থেকে তাকে আটক করে সেনাবাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল ঈদগাঁও বাজারস্থ ঘর থেকে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেন।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন , সেনাবাহিনী তাকে আটক করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করেন।
তিনি সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী লুতু মিয়ার সন্তান। ইতিপূর্বে তার বিরুদ্ধে হত্যা মামলা, জুলাই বিপ্লবের মামলাসহ চাঞ্চল্যকর মামলা থাকলেও সরকার পতন পরবর্তী তিনি ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।
বিগত বছরের শুরুর দিকে অনুপস্থিতির অজুহাতে তখনকার আরেক আলোচিত সমালোচিত ইউএনও তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলে কিছুদিন আড়ালে থাকেন।
সর্বশেষ গতকাল ২৮ জানুয়ারি দিনে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও পাল পাড়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের জন্য ভোট ক্যাম্পেইন শুরু করেন।
স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের অভিমত মূলত নিজের গ্রেফতার এড়াতে ও রাজনীতির মাঠে নতুনভাবে নিজকে প্রতিষ্ঠিত করতেই আলোচিত এ আওয়ামী লীগ নেতা রাতারাতি খোলস পাল্টে বিএনপির ছায়ায় আসতে চেয়েছিলেন। তবে বিভিন্ন মামলা থাকায় অবশেষে গ্রেফতার হন তিনি।

















