কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (৬ এপ্রিল) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এ পৌঁছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিদর্শন শুরু করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি খাদ্য বিতরণ, গ্যাস সরবরাহ, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম ও নারীদের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের শুরুতে সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকে অবস্থিত WFP-এর অর্থায়নে CODEC পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার (ই-ভাউচার আউটলেট) পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় কর্মকর্তারা রোহিঙ্গাদের ডাটা কার্ডের মাধ্যমে রেশন সংগ্রহ পদ্ধতি ও চলমান কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।
প্রতিমন্ত্রী নিজে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে সেবা কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং খাদ্যপণ্যের মান ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে সকাল ১১টা ০৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পের এ-৫ ব্লকে অবস্থিত UNHCR-এর অর্থায়নে BDRCS পরিচালিত LPG ডিস্ট্রিবিউশন পয়েন্ট পরিদর্শন করেন। সেখানে গ্যাস সিলিন্ডার বিতরণ ও সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানেন এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সকাল ১১টা ৩৫ মিনিট থেকে ১২টা ০৫ মিনিট পর্যন্ত ক্যাম্প-৪ সিআইসি অফিসে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (UCR)-এর সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসন প্রক্রিয়া এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা নেতারা বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ক্যাম্প-৮ ওয়েস্টে অবস্থিত MSF হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে চিকিৎসা সেবার মান, রোগীদের অবস্থা এবং বিনামূল্যে প্রদত্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর দুপুর ১টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত ক্যাম্প-১৮ এ UNICEF-এর অর্থায়নে পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার/নিউ মুন লার্নিং সেন্টার পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিক্ষা কার্যক্রমের মান সম্পর্কে ধারণা নেন।
সবশেষে দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ০৫ মিনিট পর্যন্ত কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের নারী স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন, সেলাই প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসামগ্রী উৎপাদন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন।
পরিদর্শন শেষে দুপুর ২টা ১০ মিনিটে প্রতিমন্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও ক্যাম্প কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।