উখিয়া-টেকনাফে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

fec-image

কক্সবাজারের উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্তমানে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার কাজ চলছে।

সরেজমিনে জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় এবং বড় হাবিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, তীব্র রোদ উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। কেন্দ্রগুলোতে প্রতি বুথে ঘণ্টায় গড়ে ৫২ থেকে ৫৩টি ভোট কাস্ট হয়েছে। সকালে পুরুষ ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়। তবে দিনভর নারী ভোটারদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।

উপজেলা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যক্ষ আতিকুর রহমান বলেন, “অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নারী ভোটারদের কাস্টিং হার তুলনামূলক বেশি।”

রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে ছিল। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবং ক্যাম্পের বাসিন্দাদের চলাচল নিয়ন্ত্রণে পুরো এলাকা কাঁটাতারের বেষ্টনীর আওতায় রাখা হয়। ফলে ক্যাম্পসংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় ভোটারদের কেন্দ্র পর্যন্ত যাতায়াতে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত টহল। পুলিশ ও বিজিবির পাশাপাশি নৌবাহিনী এবং কোস্টগার্ডের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তরুণ ভোটার জাহিদুল ইসলাম বলেন, “নিরাপদ পরিবেশে নিজের ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। দেশ সংস্কারে অবদান রাখতে পারবেন—এমন প্রার্থীকেই বেছে নিয়েছি।”

এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই মূলত দ্বিমুখী। স্থানীয় ভোটারদের মতে, ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াত সমর্থিত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সবার দৃষ্টি এখন চূড়ান্ত ফলাফলের দিকে।

এদিকে, টেকনাফ উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ভোটকেন্দ্রেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

নির্ধারিত সময় সকাল ৭টা ৩০ মিনিটে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ব্যালট বাক্স সিল করার আনুষ্ঠানিকতা শেষ করতে সামান্য বিলম্ব হয়। ফলে সকাল ৭টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়।

জাদিমুড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা হওয়ায় কেন্দ্রটিকে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে বিবেচনা করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্র ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এলাকায় টহল দিচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন