রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতার কথা শোনেন।
রবিবার (১০মে) ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত ৩টি লার্নিং সেন্টার পরিদর্শন করেন তিনি। এছাড়া লার্নিং সেন্টারের শিক্ষকরা শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও প্রশিক্ষণ সংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়গুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি প্রজন্মকে সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়।
প্রতিমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো শিশুই শিক্ষার বাইরে না থাকে।
উল্লেখ্য, লার্নিং সেন্টারগুলোতে মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে মিয়ানমার, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স এই ৬টি বিষয়ে গ্রেড ১২ পর্যন্ত পড়ানো হয়।
পরিদর্শনকালে ইউনিসেফের চিফ অফ এডুকেশন দীপা সরকার, এডুকেশন ম্যানেজার লুইজ লিক, এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী কক্সবাজার সদরে লিডারশিপ ট্রেনিং সেন্টারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত প্রকল্প ব্যবস্থাপনা এবং এডভান্সড আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।
















