উখিয়ায় কৃষকলীগের কমিটিতে ছাত্রদল নেতা


উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত আহ্বায়ক কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলার শাখার এক সক্রিয় সদস্য স্থান পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওইসব নেতাদের দাবি শীর্ষনেতাদের সহযোগিতায় একের পর এক অনুপ্রবেশকারী দলে জায়গা করে নিচ্ছে। প্রতিনিয়ত এসব অনুপ্রবেশকারী দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন অপরাধ মূলক কার্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ক্ষমতাশীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনে অনুপ্রবেশকারীর সংখ্যা কম নয়।
জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুসন্ধানে উঠে আসে ওই কমিটির ৪নং সদস্য মুজিবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলার শাখার ৭৯নং সদস্য। উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটির একজন সক্রিয় সদস্যকে হঠাৎ করে আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় ত্যাগীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, অর্থসহ নানা উপহারের বিনিময়ে শীর্ষনেতাদের আশির্বাদে বিভিন্ন দলের নেতাকর্মীরা একের পর এক দলে অনুপ্রবেশ করে দলের গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নেয় ঐসব অনুপ্রবেশকারীরা।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মুজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন দিন বিএনপির রাজনীতি বিশ্বাস করে কোন মিটিং, মিছিল কিংবা সমাবেশে যোগদান করিনি। ছাত্রদলের কেউ সম্পৃক্ততার কোন প্রকার প্রমাণ উপস্থাপন করতে পারবে না।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা কৃষকলীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী বলেন, জামায়াত ব্যতিত যে কেউ মুজিব আদর্শ বিশ্বাস করে দলের সাথে যুক্ত হতে পারে। তবে হঠাৎ এসে নেতা হতে পারে না। এ বিষয়ে সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে সন্ধ্যায় সিদ্ধান্ত জানাবো।

















