কাউখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধিঃ
‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭-১২ নভেম্বর পরিবার পরিকল্পনা মা-শিশুর-কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নিজস্ব সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান চৌচামং চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, এ্যানি চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা করুনাময় চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দোহা চৌধুরী, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক বাবুল কুমার দেওয়ান। স্বাগত্য বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রাকিবউল্লাহ।
সভায় আলোচকরা বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পরিকল্পিত পরিবার গঠনের উপর গুরুত্বারোপ করে বলেন, মাতৃ মৃত্যুর হার কমাতে সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোকে আরো শক্তিশালী করতে হবে। কেননা মাতৃ মৃত্যু কমাতে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নাই। প্রসবের ক্ষেত্রে গ্রাম পর্যায়ে সনাতন পদ্ধতি বাদ দিয়ে প্রাতিষ্ঠানিক পদ্ধতি গ্রহণ করলে শিশু মৃত্যুর হার অনেক গুন কমে যাবে। সেক্ষেত্রে মা ও শিশু দু’জনই নিরাপদ থাকবে।



















