থানচিতে ভোটের সচেতনতামূলক লিফলেট বিতরণ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন স্থানীয় নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করেছে।
বুধবার ৭ জানুয়ারি বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের নেতৃত্বে এ কর্মসূচির মাধ্যমে বাজার এলাকা, জনসমাগমস্থল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অধিকার, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনকালীন আচরণবিধি এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। তথ্যভিত্তিক এই লিফলেটের মাধ্যমে জনগণ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সঠিক ধারণা পাবে এবং দায়িত্বশীলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত হবে।

















