যাদের কারণে কারো কারো দেশ শাসনের স্বপ্ন দেখা, তাদেরকে অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি বিস্মিত, লজ্জিত। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, নির্বাচনের কথা বলা, যাদের কারণে কারো কারো দেশ শাসনের স্বপ্ন দেখা, তাদেরকে (জুলাই যোদ্ধাদের) অস্বীকার করছেন।
৩০ জানুয়ারি শুক্রবার লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিয়েছিলাম, জুলাই যোদ্ধাদের আমাদের অন্তরে জায়গা করে দিব। আমরা কথা রেখেছি। আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এই জুলাই এসে গণতন্ত্রকে মুক্তি দিয়েছে। এই জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। জুলাই হয়েছে বলেই আজকে এই মঞ্চ দেখা যাচ্ছে। জুলাই হয়েছে বলেই ছাব্বিশের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি। জীবন দিয়েছি, আয়না ঘরের সঙ্গী হয়েছি। জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘরবাড়ি ছাড়া হয়েছি। কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। পরিবর্তন এসেছে আমাদের সন্তান-সন্তুতির নেতৃত্বে।
অভিযোগ করে ডা. শফিক আরো বলেন, কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না। তাদরকে (জুলাই যোদ্ধাদের) বাচ্চাকাচ্চা, নাতি-পোতা বলেন, তাদেরকে ছাবাল বলেন। আমি বিস্মিত, আমি লজ্জিত। যাদের কারণে জেল থেকে মুক্তি। যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে কারো কারো দেশ শাসনের স্বপ্ন দেখা। তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, লজ্জা, এটা মেনে নেয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করেনা, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না। দেশবাসী চুয়ান্ন বছর রাজনীতির পুরানো বন্দোবস্তো দেখেছে। সেই বন্দোবস্তো ফ্যাসিবাদ তৈরি করেছে। মানুষের অধিকার হরণ করেছে।

















