খাগড়াছড়ির পানছড়িতে গোলাগুলি, জেএসএস’র ৩ যুবক নিহত


খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় গোলাগুলিতে নিহত ৩ যুবক। বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস (মূল) দলের সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি এখন পর্যন্ত।
ঘটনার বিষয়ে পানছড়ি থানা পুলিশ জানিয়েছে, ৩ জন নিহতের খবর শুনেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ফেরার পর বিস্তারিত জানা যাবে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিভিন্ন মাধ্যমে শুনতে পান আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে ঘিরে উপজেলার পুজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটতে পারে। নিহতের খবর শুনলেও বিস্তারিত এখন পর্যন্ত জানাতে পারেননি। ঘটনাটি দেখছেন বলে জানিয়েছেন ওসি।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা গেছে, নিহত ঐ ৩ জন যুবক সন্তু লারমা সমর্থিত জেএসএস থেকে দলছুট হয়ে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজার থেকে টমটমে করে ফেরার পথে ঐ তিন যুবককে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।
তবে এ ঘটনায় কারা জড়িত কিংবা আঞ্চলিক চারটি সংগঠনের সম্পৃক্ততা থাকা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেএসএস এ ঘটনায় ঘটিয়েছে বলে জানা যায়। তবে স্থানীয় সুত্রে জানায় অভিযোগোর তীর ইপিডিএফ’র দিকে।
এ বিষয়ে জেএসএস, ইউপিডিএফসহ চারটি সংগঠনের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি!
এদিকে, ঘটনার পর ঐ এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে আছে। দোকান পাট বন্ধ ও জনশূন্য হয়ে পড়েছে সড়ক ও আশপাশ।
















