পানছড়ির পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা


পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি উপজেলার রেজামনি পাড়ায় সৌরবিদ্যুৎচালিত বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা চালু হয়েছে। এতে ৪ নং লতিবান ইউপির রেজামনি ও কারিগর পাড়া মিলে প্রায় ১২০ পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর হলো।
২০২৫ সালের ২৯ মার্চ সেনাপ্রধান রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে এসে এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং বিশুদ্ধ পানির স্থায়ী সমাধানের নির্দেশ দেন। সেনাপ্রধান চাকরিজীবনের শুরুতে এখানেই ক্যাম্প কমান্ডার ছিলেন। সে স্মৃতি মনে রেখেই দায়িত্ব নেয়ার পর তিনি এ উদ্যোগ নেন।
স্থানীয়রা জানান, আগে ঝিরি বা কুপ থেকে পানি সংগ্রহ করতে হতো, যা খাওয়ার ফলে নানা রোগবালাই দেখা দিতো। এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন তারা। এ জন্য সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন, নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সেনাপ্রধানের বিশেষ আগ্রহেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম সুপার মোঃ আরেফিন জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















