খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

fec-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। অংশ নিয়েছেন লাখো লাখো মানুষ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক জানাজা নামাজের ইমামতি করেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমে আসে জাতীয় সংসদ, মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায়।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তবে তার আগে সকাল থেকে সংসদ এলাকায় জনস্রোত নামে। দুপুর ১টা নাগাদ পুরো সংসদ এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আশপাশ কানায় কানায় ভরে যায়।

জানাজার লাইন সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একদিকে বিজয় সরণি হয়ে কারওয়ান বাজার পর্যন্ত ছাড়িয়েছে। অন্যদিকে ছাড়িয়েছে আগারগাঁও পর্যন্ত।

বেলা পৌনে ১২টায় গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবনে পৌঁছায়। সেখানে তার জানাজার প্রস্তুতির অংশ হিসেবে মরদেহ মঞ্চের সামনে রাখা হয়।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দেশের ঊর্ধ্বতন প্রতিনিধি, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এদিকে জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকাকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে দেশে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন