বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

খোন্দকার আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন ও ডিইউজের সাংগঠনিক ব্যবস্থা

fec-image

সাংবাদিক নেতা খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী সাংবাদিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, দীর্ঘদিন হয়রানি এবং নৈতিক স্খলনের অভিযোগ কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে নারী সাংবাদিকরা। একই সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) তার সদস্যপদ স্থগিতসহ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে “নারী সাংবাদিক ঐক্য” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরাপারসন অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের আহবায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুই বলেন, খোন্দকার আলমগীর হোসেনের মতো এমন কলঙ্কিত ব্যক্তি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা ও কর্মপরিবেশ রক্ষায় খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ এর (গ), ৬(২) ও ৬(৩)-এ উল্লেখিত বিধান অনুসরণ করে ইউনিয়নের স্বার্থ, শৃঙ্খলা, নৈতিক স্খলন ও সুনামহানিকর কার্যকলাপের অভিযোগে খোন্দকার আলমগীর হোসেনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে কেন তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

ডিইউজে আরও জানায়, খোন্দকার আলমগীর হোসেন সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৯ অনুযায়ী নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে নতুন করে কাউকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিযোগ, খোন্দকার আলমগীর, ডিইউজে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন