গ্রুপসেরার লড়াইয়ে আজ মুখোমুখি হলান্ড-এমবাপ্পে

fec-image

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে আজ (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স। দুই দলই ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ এবং দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে টানা দুই জয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে স্তালে সলবাক্কেনের শিষ্যরা। তবে সমান ছয় পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ফলে গ্রুপসেরা হতে হলে নরওয়েকে জিততেই হবে।

নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হলান্ড। প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের ফর্মের জানান দিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সও দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

দুই ম্যাচেই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে গোলের খাতা খুলেছেন ব্র্যাডলি বারকোলাও। আক্রমণভাগের ধার ধরে রেখে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করতে চায় ফরাসিরা। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাদের জন্য একটি ড্রই যথেষ্ট।

অতীত পরিসংখ্যান কিছুটা ফ্রান্সের পক্ষেই কথা বলছে। দুই দলের সর্বশেষ দেখায় ২০১৪ সালে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল ফরাসিরা। তবে ২০১০ সালে নিজেদের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল নরওয়ে।

দারুণ ফর্মে থাকা হলান্ড ও এমবাপ্পের দ্বৈরথে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। কাগজে-কলমে ফ্রান্স কিছুটা এগিয়ে থাকলেও ছন্দে থাকা নরওয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই দেশমের দলের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, নরওয়ে, ফিফা বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন