জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় মামলা, আসামি ২৪২

fec-image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় আলোচিত সন্ত্রাসী মো. ইয়াসিনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম। এর আগে সোমবার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার পাঁচজনসহ মোট ৪২ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আটক পাঁচজনসহ সন্ত্রাসী ইয়াসিনকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

এর আগে গত রোববার দিবাগত রাত ২টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে বুলডোজার দিয়ে চৌকির দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, সেজন্য অন্তত চারটি স্থানে রাস্তা কেটে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। পরে যৌথ বাহিনীর পাল্টা অভিযানের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, জঙ্গল সলিমপুর, র‌্যাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন