‘জামায়াত ক্ষমতায় গেলে কেউ পালাতে হবে না’


খাগড়াছড়ি সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর
প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অতীতে দেখেছি একদল ক্ষমতায় এলে অপর দল পালিয়ে যায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না। কারো বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা করে হয়রানি করা হবে না। সকলেই স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায় শান্তিতে বসবাস করতে পারবে বলে আশ্বাস দেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে মাটিরাঙা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়েদের বোরকা পরা নিয়ে জামায়াতের বিরুদ্ধে প্রতিপক্ষ দল অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে এয়াকুব আলী চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নাকি সকলকে বোরকা পরিয়ে দেওয়া হবে—এটা অপপ্রচার। ক্ষমতায় গেলে দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সেবায় কাজ করবে। গত ৫৪ বছর মেয়েরা যেভাবে চলেছে, জামায়াত ক্ষমতায় গেলেও সেভাবেই চলবে বলে জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে এয়াকুব আলী বলেন, জুলাই যোদ্ধাদের কারণেই আজ মুক্ত আকাশের নিচে নির্বাচনি সভা ও নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর লন্ডনে গুপ্তস্থানে ছিলেন। জুলাই যোদ্ধাদের কারণে গুপ্তস্থান থেকে দেশে এসে প্রকাশ্যে নির্বাচনি প্রচারণা করছেন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একা হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গত দেড় বছরে তাদের বিভিন্ন অপকর্মের কারণে মানুষ জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন। ১২ তারিখ নির্বাচনে জামায়াতের ভূমিধস বিজয় হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে ইঙ্গিত করে ও মাটিরাঙার জনগণকে উদ্দেশ্য করে এয়াকুব আলী চৌধুরী বলেন, আপনাদের নেতা যদি পাশ না করেন, আমেরিকা গিয়ে বসবাস করতে পারবেন। তিনি যদি আমেরিকা যাওয়ার সামর্থ্য রাখেন, তবে ভোট চাওয়া প্রযোজ্য হচ্ছে না। খাগড়াছড়িতে এখন আর ধানের শীষের জনপ্রিয়তা নেই। খাগড়াছড়ির উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গড়তে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় খেলাফত মজলিস ও এনসিপিসহ ১১ দলীয় শরিক জোটের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















