টানা ভারী বর্ষণে মানিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত পাহাড় ধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন!
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
গত ৩৬ ঘন্টার টানা ভারী বর্ষণে মানিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে ভারী বৃষ্টি পেয়ে কৃষকরা খুঁশি হলেও পাহাড়ের ঢালুতে বসবাসকারীরা রয়েছে আতংকে! এদিকে মানিকছড়ি লক্ষ্মীছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকায় পাহাড় ধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বুধবার দু’দিনের টানা বর্ষণে মানিকছড়ির উপজেলার বিভিন্ন স্থানের নিচু এলাকা ডুবে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মানিকছড়ি ঐতিহ্যবাহী রাজ বাজার, উপজেলা পরিষদ, তিনটহরী বাজার, মহামুনি বাসষ্ট্যান্ড, নাথ পাড়া, হাজী পাড়া, গচ্ছাবিল, ডাইনছড়ি বাজার এলাকা, বাটনাতলী, শিম্প্রুপাড়া, কালাপানি, যোগ্যাছোলাসহ উপজেলার নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দোকানপাট, মৎস্য খামার, পুকুর ও শাকসব্জির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কৃষকরা বৃষ্টির অভাবে ধান্য জমিতে চাষ দিতে না পারায় এবার বৃষ্টি পেয়ে ভেজায় খুশি।
এ প্রসঙ্গে একসত্যা পাড়ার কৃষক আবদুল মালেক জানান, গত দু’বছর ধরে ভারী বর্ষণ না হওয়ায়, নিচু জমি চাষ করা যাচ্ছিল না। ফলে দুদিনের বৃষ্টিতে প্রচুর পানি হওয়ায় এবার জমিতে চাষ দেওয়া সম্ভব হবে। এদিকে পাহাড়ের ঢালুতে বসবাসকারীরা পাহাড় ধসের আশংকা করছে, কারণ সদর এলাকার অর্ধ শতাধিক পাহাড়ে অপরিকল্পিতভাবে মাটি কেটে বসতি স্থাপন করেছে শতশত পরিবার। ফলে অধিক বৃষ্টির কারণে পাহাড়ের বিভিন্ন অংশে ফাঁটলের খবর পাওয়া গেছে।
এদিকে ভারী বর্ষণে মানিকছড়ি লক্ষীছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকায় পাহাড় ধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং একটি বেইলী ব্রিজ ধসের আশংকা দেখা দিয়েছে। ভারী বর্ষণে ক্ষয়ক্ষতি এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের খবর পেয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সনজিদা শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন এলাকার খোঁজ নিতে বলা হয়েছে । খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















