টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলারডুবি, নিখোঁজ ১


কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপের কাছাকাছি একটি ফিশিং ট্রলারডুবির ঘটনায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১ জন।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাগরে ঝড়ের কবলে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে আশপাশের ট্রলারের লোকজন এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মো. সাদ্দামের মালিকানাধীন ট্রলারে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন নিত্যপণ্য বহন করে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রলারটি ডুবে যায়। তবে উদ্ধার হওয়া ও নিখোঁজ থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

















