ডিউটি ফ্রি গাড়ি-সরকারি প্লট নেবে না বিএনপি


বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানিয়েছেন, সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে—বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। এছাড়া, সরকারিভাবে কোনো প্লট নেবেন না।
এর আগে সকাল পৌনে ১১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রথম দফায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জিতেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

















