থানচিতে এয়ার কম্প্রেসর বিস্ফোরণে শ্রমিক নিহত

fec-image

বান্দরবানের থানচিতে বায়ু সংকোচক (এয়ার কম্প্রেসর) যন্ত্র বিস্ফোরণে এক দোকান শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আবদুর কাদের (১৪)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় থানচি উপজেলা সদর বাসস্টেশন এলাকায় বাসচালক নুরুল আলমের বায়ু সংকোচক দোকানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে থাকা এয়ার কম্প্রেসর যন্ত্রটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকা শ্রমিক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ও সিনিয়র নার্স ঋতু চাকমা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রের অতিরিক্ত চাপ বা ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

থানার ওসি কানন সরকার বলেন, নিহত শ্রমিকের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় নিহত শ্রমিকের সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান, শ্রমিক মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন