‘নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবেন’


নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। গতকাল বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এই প্রার্থী আরও বলেন, ‘গণভোটে সংবিধান সংশোধন হবে, যেটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। আর এখানে ঢাকার একটা এলিট গোষ্ঠী জনগণের ওপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনও এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি। বিএনপি রাজি না হলে দেখা গেল নির্বাচনেই হবে না। তাই অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপি জুলাই সনদে সই করেছে। সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়েই হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছি। তারপর নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবেন।’
















