বাঘাইছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা


রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাহিল্যা কবিরপুর এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে।
গত সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে জজ মিয়ার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর করে এবং প্রায় ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় ‘পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।’
বিবৃতিতে আরও বলা হয়, আমতলী, মাহিল্যা ও কবিরপুর এলাকার জনগণকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। তবে সন্ত্রাসীরা যদি পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি করে, তবে তার জবাব “অত্যন্ত কঠিনভাবে” দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে, ‘যে দলের বা সম্প্রদায়েরই হোক না কেন, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, যেন খাগড়াছড়ির মতো কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাঘাইছড়িতে তৈরি না হয়।’

















