বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা বিজিবির নিরলস প্রচেষ্টায় পুনরুদ্ধার


বান্দরবানে টানা অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিচ্ছিন্ন হওয়া যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক উদ্যোগে জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক দিনের টানা অতিবৃষ্টির ফলে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে বান্দরবান জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার বিশেষ করে রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে এবং ধ্বংসাবশেষ জমে মূল সড়ক অবরুদ্ধ হয়ে জনসাধারণ চরম দুর্ভোগে পড়ে।
এমন সংকটময় পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বান্দরবান সেক্টর সদর দপ্তরের সদস্যরা দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজিবি সদস্যরা নিরলস প্রচেষ্টায় সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে বান্দরবানের সাথে আন্ত:যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করেন। যার ফলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।
শুধু সড়ক যোগাযোগ পুনরুদ্ধারেই নয়, গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়া বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি মেরামতের কাজেও বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত সহায়তা প্রদান করছেন। দ্রুত বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা সচল করার লক্ষ্যে এই যৌথ কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির তাৎক্ষণিক, দায়িত্বশীল ও মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, বিজিবি সদস্যদের দায়িত্বশীল পদক্ষেপের ফলে বড় ধরনের সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে এবং জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে লাঘব হয়েছে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবানে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
















