বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ছড়ানো বিজ্ঞপ্তিটি ভুয়া : জেলা প্রশাসন

fec-image

বান্দরবান জেলার রুমা ও থানচির সীমান্ত এলাকায় নতুন একটি সশস্ত্র গ্রুপের তৎপরতার কথাসহ বিভিন্ন স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুন ) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে যেখানে দাবি করা হয়েছে যে, বান্দরবানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভুয়া ওই বিজ্ঞপ্তিটি স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা শাখা থেকে ইস্যু করা হয়েছে এবং এতে ২১ জুন ২০২৬ তারিখ উল্লেখ করে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামক এক কর্মকর্তার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা শাখা নামে কোনো শাখা নেই। এছাড়া মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে কোনো কর্মকর্তা এই কার্যালয়ে কর্মরত নেই।

বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সানিউল ফেরদৌস স্বাক্ষরিত ওই জরুরি গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত এ ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি বা প্রচার করা হয়নি।

ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, ভুয়া বিজ্ঞপ্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন