বেলজিয়াম ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান

fec-image

ইরানের ফুটবল দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ম্যাচের প্রস্তুতি ও ভ্রমণ সূচি নিয়ে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে যাচ্ছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার কথাও ভাবছে দেশটির ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র বৃহস্পতিবার জানান, টুর্নামেন্ট শুরুর আগেই তাদের দলীয় প্রস্তুতি সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছিল। তবে আয়োজকদের বিভিন্ন বিধিনিষেধ ও সিদ্ধান্তের কারণে কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করা বাধাগ্রস্ত হচ্ছে।

বর্তমানে ইরানের বেস ক্যাম্প রয়েছে মেক্সিকোর তিহুয়ানায়। আগামী রবিবার গ্রুপ পর্বের ম্যাচে লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার কথা ইরানের। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

ইরানের দাবি, তারা ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিল, যাতে খেলোয়াড়রা স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে প্রস্তুতি সম্পন্ন করতে পারে। তবে আয়োজক কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

ফেডারেশনের মুখপাত্র বলেন, “লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি দুপুরে হওয়ায় খেলোয়াড়দের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে আমরা দুই দিন আগে প্রবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু পেশাদার ও কারিগরি যুক্তি দেওয়ার পরও আমাদের অনুরোধ গ্রহণ করা হয়নি।”

অন্যদিকে ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি  সিবিএস নিউজকে জানান, ইরানকে আগেই জানানো হয়েছিল যে তারা ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন প্রবেশ করে ম্যাচ শেষে একই দিনে সন্ধ্যায় দেশ ত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, ২৬ জুন মিশরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।

এর আগে ইরান তাদের প্রথম ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। রাজনৈতিক উত্তেজনার আবহে অনুষ্ঠিত ওই ম্যাচের পর থেকেই দলটির ভ্রমণ ও অবস্থান ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।

পরবর্তীতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত ইরানের ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটিকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এই নিয়মের কারণে খেলোয়াড়দের বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ সীমিত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

সব মিলিয়ে ভ্রমণ ও অবস্থান সংক্রান্ত এই জটিলতা নিয়ে ইরান ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারে বলে জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ফিফা বিশ্বকাপ, ফুটবল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন