ভারতের মণিপুরে সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় আসাম রাইফেলসের দুই সদস্য নিহত


ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় আসাম রাইফেলসের দুই সদস্য নিহত হয়েছেন। হামলার সময় ৪০ আসাম রাইফেলসের একটি কনভয় রাজ্যের উখরুল জেলার শাংশাকে অবস্থিত ব্যাটালিয়ন সদর দপ্তরে ফিরছিল।
সোমবার ( ৬ জুলাই )এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন আসামের ওয়ারেন্ট অফিসার বলবন্ত সিং এবং রাইফেলম্যান সিএম সিং, যিনি কনভয়ের একটি গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে যে, সন্দেহভাজন সন্ত্রাসীরা উখরুল জেলার শাংশাকে যাওয়ার ওই পথের একটি সেতুর উভয় পাশে তিনটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস (আইইডি) পুঁতে রেখেছিল।
হামলায় আহত দুই আসাম রাইফেলস সদস্যকে প্রথমে উন্নত চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে পথে তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে শাংশাকে অবস্থিত আসাম রাইফেলস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
মণিপুরের উখরুল শহরের কাছে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে আসাম রাইফেলসের দুই সদস্য নিহত হওয়ার খবরটি দেশটির আধাসামরিক বাহিনীটির এক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ব্যাপক তল্লাশি ও অনুসন্ধান অভিযান শুরু করেছে, যাতে হামলাকারীদের শনাক্ত ও আটক করা যায়।
মণিপুরের রাজ্যপাল এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং হামলার নিন্দা জানিয়েছেন। মণিপুরের রাজ্যপালের কার্যালয় থেকে বলা হয়েছে, “আজ উখরুলে এক অতর্কিত হামলায় আসাম রাইফেলসের দুই সাহসী জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে মণিপুরের রাজ্যপাল গভীরভাবে শোকাহত। রাজ্যপাল এই কাপুরুষোচিত সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা করছেন।
মণিপুরের রাজ্যপালের কার্যালয় থেকে আরও বলা হয়েছে, ‘ তাদের রাজ্যে এ ধরনের হামলার কোনো স্থান নেই এবং এটি শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সম্মিলিত সংকল্পকে দুর্বল করতে পারবে না।‘
রাজ্যপাল শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং প্রার্থনা করেছেন যেন এই শোকের মুহূর্তে তারা শক্তি ও সাহস খুঁজে পান।
তিনি এই ঘটনায় আহত সকলের শক্তি, ‘মানসিক দৃঢ়তা এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।‘
উৎস : ইন্ডিয়া টুডে, দ্য টাইমস অফ ইন্ডিয়া
















