ভারতের সেনাপ্রধানের হুমকির জবাব দিলো পাকিস্তান

fec-image

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ‘পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে পরিণত হবে’—এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

রবিবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধংদেহী মনোভাব থেকে দেওয়া এমন বক্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। পাকিস্তানের বিরুদ্ধে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ মতো হুঁশিয়ারিকে তারা দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলেও উল্লেখ করে।

এর আগে, শনিবার দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে—তারা ‘ভূগোলের অংশ’ হয়ে থাকতে চায়, নাকি ‘ইতিহাসে’ পরিণত হতে চায়।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে তিনি ওই মন্তব্য করেন।

পাকিস্তানের আইএসপিআর পাল্টা বিবৃতিতে দাবি করে, স্বাধীনতার প্রায় আট দশক পরও ভারতীয় নেতৃত্ব পাকিস্তানের রাষ্ট্রীয় বাস্তবতাকে মেনে নিতে পারেনি এবং ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান একটি সার্বভৌম ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। দেশটিকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুমকি দেওয়া শুধু কাণ্ডজ্ঞানহীনতাই নয়, বরং তা আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি।

পাকিস্তান সতর্ক করে দিয়ে বলেছে, কোনো ধরনের আগ্রাসনের জবাব সমান শক্তিতেই দেওয়া হবে এবং সম্ভাব্য সংঘাত কেবল দুই দেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, ভারত, সেনাপ্রধান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন